অপ্রতিমের মায়ের সেই আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
প্রকাশিত : ০৮:৫০, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৮:৫৭, ২০ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় ৩ তরুণকে আটক করেছে পুলিশ। এর মধ্যে তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের নেওয়া তার মায়ের আইফোনটি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
কুমিল্লা কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজ উদ্দিন ভূইয়া বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে নিহত অপ্রতিমের মায়ের আইফোনটি উদ্ধার করেছে জেলা পুলিশ।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে দেখা যাওয়া কিশোরের বাড়ি থেকে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা আইফোনটি উদ্ধার করেছেন। অপ্রতিম তার মায়ের এই আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ হয়।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও আলামতে অপ্রতিমকে ওই আইফোনের জন্যই হত্যা করা হয়ে থাকতে পারে—এমন বিষয় অনেকটাই পরিষ্কার। তবে হত্যার উদ্দেশ্য সম্পর্কে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও বিস্তারিত জানানো হয়নি।
এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, পুরো ঘটনার বিস্তারিত রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করার অনুরোধ জানান তিনি।
অপ্রতিম নিখোঁজ হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বিশ্ববিদ্যালয়–সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছিল। একটি ফুটেজে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়। ওই কিশোরের বয়স অপ্রতিমের চেয়ে বেশি ছিল এবং তার মাথায় ক্যাপ ছিল। ফুটেজে অপ্রতিমের সঙ্গে তার গতিবিধি দেখে সন্দেহ হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ঘটনাস্থলের কাছাকাছি একটি বাড়ির সিসিটিভি ফুটেজেও অপ্রতিমকে নিয়ে যেতে দেখা গেছে ওই কিশোরকে।
অপ্রমিমের মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন-তুহিন, আনাস ও ফাহিম। তাদের সবার বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
এর আগে শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রমিম। শনিবার দুপুর ১টার দিকে সানন্দা এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।
অপ্রমিমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি কোটবাড়ি-গন্ধমতী এলাকায় ভাড়া থাকতেন।
এএইচ
আরও পড়ুন










