ঢাকা, বুধবার   ১৭ জুন ২০২৬

অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫১, ১৭ জুন ২০২৬

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। তবে কুড়ি ওভারের ক্রিকেটে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামে তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক বাংলাদেশকে ১০ বল হাতে রেখেই ৪ উইকেটে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কুপার কনোলি, যিনি বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে সেঞ্চুরির পর এবারও দুর্দান্ত ব্যাটিং করে ২৭ বলে ৪৭ রান করেন।

অন্যদিকে, বাংলাদেশের হয়ে বল হাতে অভিষেক ম্যাচেই নজর কাড়েন আবদুল গাফফার। তিনি ২টি উইকেট শিকার করে নিজের সম্ভাবনার জানান দেন।

চট্টগ্রামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি স্বাগতিকদের। শেখ মেহেদীর অপরাজিত ২৯ রানের ইনিংসে ভর করে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান তোলে বাংলাদেশ। জবাবে ৪ উইকেট হাতে রেখে এবং ১০ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া।

ব্যাট হাতে অস্ট্রেলিয়ার শুরুটা খুব একটা ভালো হয়নি। দলীয় ১৩ রানের মাথায় জশ ইংলিসকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। এরপর মিচেল মার্শও আউট হলেও রান তোলার গতি ধরে রাখে সফরকারীরা। পাওয়ার প্লের ৬ ওভারে ৪৭ রান তুলে জয়ের ভিত গড়ে নেয় তারা।

ওয়ানডে সিরিজের দারুণ ফর্ম টি-টোয়েন্টিতেও ধরে রাখেন কুপার কনোলি। শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করা এই বাঁহাতি ব্যাটার এবার ২৭ বলে ৪৭ রানের কার্যকর ইনিংস খেলেন। যদিও ফিফটি পাননি, তবু দলের জয়ে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তাকে ফিরিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম উইকেটের দেখা পান অভিষিক্ত আবদুল গাফফার সাকলাইন।

এরপর এক ওভার বিরতির ব্যবধানে আরও একটি উইকেট হারায় অস্ট্রেলিয়া। টিম ডেভিডকে লং অনে ক্যাচ দিতে বাধ্য করেন শেখ মেহেদী। পরে অভিষিক্ত নিখিল চৌধুরীকেও সাজঘরে ফেরান রিশাদ হোসেন। তবু শেষ পর্যন্ত স্বচ্ছন্দ জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি