টিসিবির ট্রাকসেল শুরু সোমবার, ৭২০ ট্রাকে মিলবে ৩ পণ্য
প্রকাশিত : ২০:৩৬, ১০ মে ২০২৬
ঈদুল আজহায় নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে সোমবার (১১ মে) থেকে শুরু হবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রম।
এই কার্যক্রম চলবে (শুক্রবার ব্যাতীত) ২১ মে পর্যন্ত। রোববার (১০ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।
আগারগাঁও পিএসসি ভবনের পশ্চিম পাশে ট্রাকসেল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
টিসিবির তথ্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।
এর পাশাপাশি পবিত্র ইদুল আযহা উপলক্ষ্যে সোমবার থেকে প্রতিদিন ঢাকা মহানগরীতে ৫০টি (ঢাকা জেলাসহ), চট্টগ্রাম মহানগরীতে ২০টি (চট্টগ্রাম জেলাসহ), অন্য ৬ (ছয়) টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬ টি জেলায় ১০টি করে সর্বমোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রাক সেল শুরু হচ্ছে।
এতে আরো বলা হয়, শুক্রবার ছাড়া আগামী ১০ দিন দৈনিক ট্রাক প্রতি ৪০০ জন সাধারণ জনগণের নিকট সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রয়ের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
ট্রাকের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর নিকট প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিকটন পণ্য বিক্রয় করা হবে। যে কোন ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন।
ভোক্তারা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল, ১৩০ টাকা দরে প্রতি লিটার, এক কেজি চিনি ৮০ টাকায়, ৭০ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।
ঈদুল আযহা উপলক্ষ্যে প্রায় ৭২ লক্ষ টিসিবির কার্ডধারী পরিবারের নিকট মে মাসে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রয় করা হবে। কার্ডধারী পরিবারের নিকট প্রতিমাসে ভর্তুকি মূল্যে বিক্রয়কৃত ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে।
এমআর//
আরও পড়ুন










