ট্রফি হাতে ছাদখোলা বাসে মিঠু-রোনানদের উচ্ছ্বাস
প্রকাশিত : ২২:৩৫, ৪ এপ্রিল ২০২৬
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই সাফল্যের গৌরব নিয়ে দেশে ফিরেছেন চ্যাম্পিয়ন যুবারা, যাদের ছাদখোলা বাসে বরণ করা হয়।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে ট্রফি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন চ্যাম্পিয়নরা।
বিমানবন্দরে আগে থেকেই উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তারা পুষ্পস্তবক ও উষ্ণ করতালির মধ্য দিয়ে ট্রফি জয়ী বীরদের বরণ করে নেন।
বিমানবন্দর থেকে বের হয়েই ফুটবলাররা চড়ে বসেন তাদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা সুসজ্জিত এক ছাদখোলা বাসে। চ্যাম্পিয়নদের একনজর দেখতে এবং অভিনন্দন জানাতে বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর প্রধান সড়কগুলোর দুই পাশে ভিড় জমিয়েছেন শত শত ফুটবল প্রেমী মানুষ। হাতে জাতীয় পতাকা আর মুখে বিজয়ের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজপথ। ফুটবলাররাও বাসের ওপর থেকে হাত নেড়ে সাধারণ মানুষের ভালোবাসার জবাব দেন।
এর আগে বাফুফের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, ‘দেশের ফুটবলের এই ঐতিহাসিক সাফল্য কেবল খেলোয়াড়দের নয়, বরং পুরো জাতির। আমরা সকল ফুটবল সমর্থক ও সাধারণ জনগণকে শোভাযাত্রা এবং হাতিরঝিলের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে চ্যাম্পিয়নদের উৎসাহিত করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।’
এমআর//










