রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় নেতৃত্ব দেন ছাত্রদলের সহসভাপতি হাবী
প্রকাশিত : ১৯:৩১, ৫ অক্টোবর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শাখা ছাত্রদলের সহসভাপতি এম আহসান হাবীবের সম্পৃক্ততা পাওয়া গেছে। হামলায় তাকে নেতৃত্ব দিতে দেখা যায়। একাধিক ভিডিওতে তাকে হামলায় অংশ নিতে দেখা গেছে।
রোববার (৪ অক্টোবর) রাতে শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।
সাংবাদিকদের অভিযোগ, আহসান হাবীবের নেতৃত্বে ছাত্রদলের একদল নেতা-কর্মী তাদের ওপর হামলা চালান। হামলায় অন্তত চার সাংবাদিকসহ ১০ জন আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ছিল।
রাবি সূত্রে জানা গেছে, রোববার রাতে রাকসুর সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি এম আহসান হাবীবের পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে শহীদ জিয়াউর রহমান হলের সামনে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে সেখানে অবস্থান নেওয়া একদল নেতা-কর্মীর হাতে দেশীয় অস্ত্র দেখা যায়।
সাংবাদিকরা এ ঘটনার ভিডিও করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। পরে কয়েকজন সাংবাদিককে মারধর এবং তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।
আহত সাংবাদিকদের অভিযোগ, হামলাকারীদের নেতৃত্বে ছিলেন আহসান হাবীব। তার সঙ্গে ছাত্রদলের আরও কয়েকজন নেতা-কর্মী ছিলেন। এ ঘটনায় দ্য ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, সমকাল ও আগামীর সময়ের সাংবাদিকরা আহত হন।
এ ঘটনার পর অভিযুক্ত ছাত্রদলের সহ-সভাপতি এম আহসান হাবীব লেখেন, কোনো নিরপেক্ষ সাংবাদিকের ওপর হামলা করা হয়নি। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারী সাবেক ছাত্রলীগ নেতা, জিয়া হলের জিএস আরিফুলকে ধরতে জিয়া হলে গেলে সংক্ষুব্ধ ছাত্রদল নেতা-কর্মীদের ওপর যেসব সাংবাদিক নামধারী গুপ্ত শিবির ছানা হামলা করতে এসেছে, তাদেরকে প্রতিহত করা হয়েছে মাত্র।
এমএইচ
আরও পড়ুন










