ঢাকা, শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬

দাবি না মানলে ১ দফা বাস্তবায়নে প্রস্তুতি নিতে হবে: শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১৪, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:২২, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

বর্তমান সরকারের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, আপনারা যে আন্দোলনে নেমেছেন আমরা দাবি আদায় করেই ঘরে ফিরব ইনশাল্লাহ। লংমার্চ নিয়ে আসার পথে মানুষ হাত নেড়ে এক আঙ্গুল উঁচিয়ে দেখিয়েছে এক দফার। আপনারা এক দফার প্রস্তুতি নেন।

তিনি বলেন, যখন এক দফার ডাক আসবে তখন আপনারা সিরাজগঞ্জ থেকে ঢাকায় আসবেন। সরকার যদি এর মধ্যে আমাদের ৮ দফার দাবি মানে তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি না মানে তাহলে সরকার পতনের ১ দফার দাবিতে ঢাকায় আসার প্রস্তুতি নিবেন।

শনিবার দুপুর দুইটায় সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটকুমরুল ইন্টারচেন মোড় এলাকায় লং মার্চ নিয়ে রংপুরে যাবার পথে উপস্থিত সমাবেশে এসব কথা বলেন তিনি। 

এ সময় জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নায়েবে আমীর এটিএম আজহার আলী, রফিকুল ইসলাম খান এমপি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিস নেতা মাওঃ মামুনুল হক, সহ ১১ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। 

বিএনপি সরকারকে আওয়ামী লীগের মতোই ভারতের দাসত্ববাদী বলে মনে করে বক্তারা বলেন, সরকার সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাদের নির্বাচনে যে ওয়াদা ছিল তার কোনটাই বাস্তবায়ন করেনি। বিশেষ করে গণভোটের যে কাঙ্ক্ষিত রায় তা এখনো মেনে নিতে নানা রকম গড়িমাসী করছে। 

তারা আরও বলেন, আমরা সরকারকে বেকায়দায় ফেলতে এই লংমার্চ করছি না। সরকার যদি দাবি না মানে তাহলে আমাদের আন্দোলন আগামীকাল আরো কঠোরতর হবে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি