ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

নিখোঁজের ১১ দিন পর বাংলাদেশির মৃতদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে নিখোঁজের ১১ দিন পর আ. হক আদু মিয়া (২৮) নামে বাংলাদেশি গরু ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ।

জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে স্থানীয় লোকজন রত্নাই বিওপি'র সীমান্ত পিলার ৩৮১/৩ এস এর নিকট শূন্য লাইন বরাবর বাংলাদেশের ৩০ গজ অভ্যন্তরে নাগর নদীতে ভাসমান একটি লাশ দেখতে পেয়ে বিজিবিকে খবর দিলে তারা সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে। 

আঃ হক আদু মিয়ার মৃতদেহটি উদ্ধারের পর তার খালাতো ভাই আবু নাইম তাকে শনাক্ত করে।পরে সন্ধ্যা ৭টার দিকে বালিয়াডাঙ্গী থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নদীর তীর থেকে থানায় নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে পুলিশ জানায়।  

জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর ভোরে অবৈধভাবে গরু আনতে ৭/৮ জন বাংলাদেশি গরু চোরাকারবারী বালিয়াডাঙ্গীর কোটপাড়া এলাকার সীমান্ত পিলার ৩৮৩/২ এস এর আয়রন ব্রীজের নীচ দিয়ে ভারতের একশ’গজ অভ্যন্তরে প্রবেশ করে।

এসময় ভারতের ১৭১ সোনামতি সীমান্ত ক্যাম্পের টহল দল তাদেরকে দেখে ধাওয়া দিলে চোরাকারবারীরা বাংলাদেশে ফেরত আসার জন্য নাগর নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকে বাংলাদেশি চোরাকারবারী বালিয়াডাঙ্গী উপজেলার যুগিহার গ্রামের এজাবুলের ছেলে আঃ হক আদু মিয়া নিখোঁজ ছিল। এই কয়েকদিন অনেক খোঁজাখুঁজির পরও তাকে বা তার লাশ পাওয়া যায়নি বলে জানা যায়।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি