নিরঙ্কুশ জয়ে টানা দ্বিতীয়বার বার্সেলোনার সভাপতি লাপোর্তা
প্রকাশিত : ২০:৫৬, ১৬ মার্চ ২০২৬
নতুন মেয়াদে আবারও বার্সেলোনার প্রেসিডেনশিয়াল নির্বাচনে ভিক্টর ফন্টের বিপক্ষে ভূমিধস জয় পেয়েছেন হুয়ান লাপোর্তা। প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে আগামী পাঁচ বছরের দায়িত্ব পেয়েছেন তিনি।
রোববার (১৫ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করে স্প্যানিশ পরাশক্তিদের পরিচালনার দায়িত্ব নিজের কাঁধেই রাখলেন ৬৩ বছর বয়সী এই ক্রীড়া সংগঠক। এ নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থবারের মতো কাতালান ক্লাবটির সভাপতি নির্বাচিত হলেন তিনি।
লাপোর্তার প্রাপ্ত ভোট ৩২ হাজার ৯৩৪ (মোট ভোটের ৬৮.১৮ শতাংশ)। প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টের ভোট ১৪ হাজার ৩৮৫ (২৯.৭৮ শতাংশ), যা লাপোর্তার পাওয়া ভোটের অর্ধেকও নয়।
এর আগে, ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত প্রথম দফায় বার্সেলোনার সভাপতি ছিলেন লাপোর্তা। এরপর ২০২১ সালের নির্বাচনে ৩০ হাজার ১৮৪ ভোট (৫৪.২৮ শতাংশ) পেয়ে তৃতীয় মেয়াদে দায়িত্ব নেন তিনি। এবারের নির্বাচনে তার প্রতি সদস্যদের সেই সমর্থন আরও জোরালো হয়েছে।
পুনরায় নির্বাচিত হওয়ার পর লাপোর্তা ক্লাবের ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্নের কথা শুনিয়েছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটি সত্যিই এক জোরালো ফলাফল, যা আমাদের ভীষণ শক্তি জোগায় এবং অপ্রতিরোধ্য করে তোলে। কেউ আমাদের থামাতে পারবে না। সামনে রোমাঞ্চকর কিছু বছর অপেক্ষা করছে, যা হতে যাচ্ছে আমাদের জীবনের সেরা সময়।’
গণতান্ত্রিক কাঠামোর প্রশংসা করে লাপোর্তা আরও বলেন, ‘এটি একটি অসাধারণ ক্লাব, যেখানে সদস্যরাই তাদের সভাপতি এবং পরিচালনা পর্ষদ নির্বাচন করেন। পৃথিবীতে এমন অনন্য ও সত্যিই ব্যতিক্রমী ক্লাব খুব কমই আছে।’
ভোটদান প্রক্রিয়ায় অংশ নেওয়া সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘যেসব সদস্য ভোট দিতে এসেছেন, তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আজকের দিনটি ছিল গণতন্ত্র ও নাগরিক চেতনার এক উৎসব। একই সঙ্গে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমাদের কর্মকর্তা ও কর্মীরা যে চমৎকার কাজ করেছেন, সেটিও আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই।’
এমআর//










