ঢাকা, বুধবার   ১১ মার্চ ২০২৬

পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৪, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:২৫, ১১ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ওয়ানডে ইতিহাসে পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করার পর ব্যাটিংয়েও জাত চেনালেন বাংলাদেশের ব্যাটাররা। এদিন তানজিদ তামিমের অপরাজিত ফিফটিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ।

বুধবার (১১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৪ রান করে পাকিস্তান। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন ফাহিম আশরাফ।

বাংলাদেশের হয়ে ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন নাহিদ। জবাবে তানজিদের তাণ্ডবে ১৫.১ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই সাইফ হাসানের উইকেট খোয়ায় বাংলাদেশ। ৪ রান করে এই ওপেনার ফিরলে ২৭ রানে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি।

সাইফ ব্যর্থ হলেও আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন তানজিদ হাসান তামিম। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা তামিমের কল্যাণে পাওয়া প্লেতেই ৮১ রান তোলে। তামিম ফিফটি করেছেন মাত্র ৩২ বলে। শেষ পর্যন্ত ৪২ বলে ৬৭ রানে অপরাজিত ছিলেন তিনি। এ ছাড়া ৩৩ বলে ২৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত।

এর আগে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন নাহিদ রানারা। পাওয়ার প্লের শেষ ওভারে বল হাতে নিয়েই ব্রেকথ্রু এনে দেন এই তরুণ পেসার। ওভারের শেষ বলে তাকে কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন সাহিবজাদা ফারহান। ২৭ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি।

নিজের পরের চার ওভারের সবকটিতেই উইকেট পেয়েছেন নাহিদ। শামিল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগারাও তার ঝুলিতেই উইকেট দেন। পাকিস্তানের টপ অর্ডার ভেঙে ফাইফার পূরণ করেন তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার।

তার বোলিং ঝড় সামলে কোনোমতে একশ পার করে অলআউট হয় পাকিস্তান। তবে শেষ পর্যন্ত তা একেবারেই যথেষ্ট ছিল না।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৩০.৪ ওভারে ১১৪ (সাহিবজাদা ২৭, সাদকাত ১৮, শামিল ৪, রিজওয়ান ১০, সালমান ৫, তালাত ৪, সামাদ ০, ফাহিম ৩৭, আফ্রিদি ৪, ওয়াসিম ০, আবরার ০*; তাসকিন ৭-০-২৯-১, মুস্তাফিজ ৪.৪-০-১৮-১, মিরাজ ১০-০-২৯-৩, নাহিদ ৭-০-২৪-৫, রিশাদ ২-০-১০-০)

বাংলাদেশ: ১৫.২ ওভারে ১১৫/২ (সাইফ ৪, তানজিদ ৬৭*, শান্ত ২৭, লিটন ৩*; আফ্রিদি ৫-১-৩৫-১, ফাহিম ২-০-১৯-০, ওয়াসিম ৩.১-০-২৪-১, আবরার ৩-০-২৫-০, সালমান ২-০-১২-০)

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি