ঢাকা, বুধবার   ০১ এপ্রিল ২০২৬

ভিডিও দেখুন

প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের চাল মিলছে বাড়তি টাকায়

ময়মনসিংহ প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৪৪, ২ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্পের আওতায় ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল দেয়া হচ্ছে অতি দরিদ্রদের। কিন্তু বাড়তি ২শ’ টাকা না দিলে সে চাল পাচ্ছেন না ময়মনসিংহ সদরের খাগডহর ইউনিয়নের দরিদ্র মানুষ।

ভুক্তভোগী এবং স্থানীয় রাজনৈতিক কর্মীদের অভিযোগ, ‘ইউপি চেয়ারম্যান ও ডিলারের যোগসাজসে বাড়তি ২০০ টাকা আদায় করা হচ্ছে। আর এই অনিয়মের জন্য একে অপরকে দুষছেন ডিলার ও চেয়ারম্যান। 

খোঁজ নিয়ে দেখা যায়, খাগডহর ইউনিয়নে ১০ টাকা কেজি দরের চাল প্রকল্পের উপকারভোগী রয়েছেন ২ হাজার ১২২ জন। এ চাল পেতে গুণতে হচ্ছে ২০০ টাকা বেশি। বাড়তি টাকা দেয়ার সঙ্গতি না থাকায় চাল না নিয়েই ফিরেছেন অনেকে। 

ভুক্তভোগীরা জানান, ‘চাল কিনতে আসছি কিন্তু ২শ’ টাকা দাবি করা হচ্ছে। তাই চাল না নিয়েই বাড়িতে ফিরতে হচ্ছে আমাদের। টাকা না দিলে চাল দেয়া হবে বলে না বলে ডিলাররা বলতেছেন। কিন্তু কি কারণে টাকা নেয়া হচ্ছে, তা আমরা জানি না।’

আর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি এ অনিয়মের সঙ্গে যুক্ত চেয়ারম্যান ও ডিলার। এ ব্যাপারে খাগডহর ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বাদল বলেন, ‘ডিলার ও মেম্বার সমন্বয় করে টাকা নিয়ে চাল দিচ্ছে।’

ডিলার মোমেন মুবিন জানান, ‘চেয়ারম্যানের নির্দেশেই ২০০ টাকা বেশি আদায় করা হচ্ছে। চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন, ট্যাক্সের রিসিপ ছাড়া কাউকে চাল না দিতে।’

তবে অভিযোগ অস্বীকার করে খাগডহর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন নান্নু বলেন, ‘অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এমন কোন নির্দেশনা বা কোন কথা ডিলারদের সাথে আমার হয়নি।’

আর অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘ঘটনা জানতে পেরে চেয়ারম্যানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পেলে আমরা আইনী ব্যবস্থা নেব।’ 

এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি