ঢাকা, মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬

বিটিআরসির নিষেধাজ্ঞা কাটিয়ে আবার সচল বাংলা এডিশনের ওয়েবসাইট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৫, ৬ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দীর্ঘ অপেক্ষার পর আবারও সচল হয়েছে অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশনের ওয়েবসাইট বাংলা এডিশন। রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পোর্টালটির ওপর থাকা কারিগরি বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার পর বিটিআরসি এ বিধিনিষেধ প্রত্যাহার করে। এর ফলে এখন মোবাইল অপারেটরদের ইন্টারনেট ডেটা ব্যবহার করেও বাংলা এডিশনের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে।

এর আগে কারিগরি বিধিনিষেধের কারণে মোবাইল অপারেটরের ডেটা ব্যবহার করে ওয়েবসাইটটিতে প্রবেশ করা সম্ভব হচ্ছিল না। তবে ব্রডব্যান্ড ইন্টারনেটের মাধ্যমে সাইটটি দেখা যাচ্ছিল। বিটিআরসির নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর মোবাইল ডেটাতেও ওয়েবসাইটটি স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে।

একই দিনে বাংলা এডিশনের মূল ফেসবুক পেজও পুনরায় সচল হয়েছে। গত ১৬ জুন কারিগরি সমস্যার কারণে পেজটি বন্ধ হয়ে যায়। পরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর রোববার পেজটি আবার চালু করা হয়।

এর ফলে ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ ফিরে পেয়েছে বাংলা এডিশন।

এর আগে ২০২৫ সালের ২২ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে বাংলা এডিশনের নিবন্ধন স্থগিত করা হয়েছিল। পরে নিবন্ধন পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে পোর্টালটির কর্তৃপক্ষ।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ আগস্ট তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহালের সিদ্ধান্ত জানায়।

নিবন্ধন পুনর্বহালের পর বিটিআরসির কারিগরি বিধিনিষেধও প্রত্যাহার করা হলো। ফলে ওয়েবসাইট ও ফেসবুক পেজ—দুই প্ল্যাটফর্মেই আবার পূর্ণাঙ্গ সংবাদ কার্যক্রমে ফিরল অনলাইন নিউজ পোর্টাল (www.banglaedition.com)।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি