ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬

বিশ্বকাপ ব্যর্থতার পর অধিনায়কত্ব হারালেন রশিদ খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৭, ৫ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারকা লেগ স্পিনার রশিদ খানকে। তাঁর জায়গায় নতুন অধিনায়ক করা হয়েছে ওপেনার ইব্রাহিম জাদরানকে।

আফগানিস্তান দলের আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়ে দলের নতুন অধিনায়ক হিসেবে কাজ শুরু করবেন ইব্রাহিম।

আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘এসিবির দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য এবং নতুন প্রধান কোচ নিয়োগসহ আমাদের টিম ম্যানেজমেন্টে সাম্প্রতিক পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্বে পরিবর্তনের এই সুচিন্তিত সিদ্ধান্তটি গ্রহণ করেছি।’ 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এসিবি বর্তমান আঞ্চলিক পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে এবং তারিখ ও ভেন্যু—উভয় দিক থেকেই সিরিজটি পূর্বপরিকল্পনা অনুযায়ী আয়োজন করা সম্ভব কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে আলোচনা করছে।’

সূচি অনুযায়ী ১৩, ১৫ ও ১৭ মার্চ তিনটি টি-টোয়েন্টিই হবে শারজায়। এরপর ২০, ২২ ও ২৫ মার্চ তিনটি ওয়ানডে হবে দুবাইয়ে। 

উল্লেখ্য, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠতে ব্যর্থ হয়েছে আফগানিস্তান। গত আসরের সেমিফাইনাল খেলা দলটি এবার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হারে নিউজিল্যান্ডের কাছে। এরপর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টাই করে হারে সুপার ওভারে। আর তাতেই বিদায় নিশ্চিত হয়ে যায় আফগানদের। এই ‘বিদায়’কে ব্যর্থতা হিসেবেই দেখছেন আফগান ক্রিকেটের নীতি নির্ধারকেরা। আর তাই নেতৃত্বে এই বদল। 

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি