ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬

বিশ্বকাপে ব্যর্থতায় ক্রিকেটারদের জরিমানা করল পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ২ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় শাস্তির মুখে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। মাঠের পারফরম্যান্সে চরম হতাশাজনক প্রদর্শনীর কারণে দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের সংবাদমাধ্যম 'দ্য এক্সপ্রেস ট্রিবিউন'-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি ভারতের কাছে হারের পরেই এই সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে শর্ত ছিল সালমান আগারা সেমিফাইনালে উঠতে পারলে মওকুফ হবে শাস্তি।

কিন্তু সেটা না হওয়ায় শাস্তি দিয়েছে মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড। এক্সপ্রেস ট্রিবিউন আরো বলেছে, এই নিয়ম কেবল এবারই নয়, এখন থেকে সব সময়েই পারফরম্যান্স অনুযায়ী সুবিধা পাবেন ক্রিকেটাররা।

তবে শাস্তিটা দলীয় না ব্যক্তিগত- তা স্পষ্ট করেনি এক্সপ্রেস ট্রিবিউন। তবে ব্যক্তি হিসেবে দিলে সাহিবজাদা ফারহান, ফখর জামান ও উসমান তারিকরা এবার অন্তত শাস্তির বাইরে থাকবেন।

ফারহান এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬ ইনিংসে করেছেন ৩৮৩। যা শুধু এই আসরেই সর্বোচ্চ নয়, বিশ্বকাপ ইতিহাসেরই সেরা সংগ্রহ।

অন্যদিকে ফখর জামান মাত্র ২ ম্যাচ খেলেই ১৮৭ স্ট্রাইকরেটে ১০৯ রান করেছেন। আর তারিক ৫ ম্যাচে ১৪.১০ গড়ে নিয়েছেন ১০ উইকেট। বাকিদের মাঝে আর কেউ ভালো করতে পারেননি।

শুধু আর্থিক জরিমানা নয়, আসতে পারে আরো কিছু বড় সিদ্ধান্ত। সালমান আগাকে বাদ দিয়ে নতুন অধিনায়ক নির্বাচন করতে পারে পিসিবি। সিনিয়র ক্রিকেটারদের নিয়েও ভাবছে তারা।

বাবর আজম, শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদির পারফরম্যান্সও প্রশ্নের মুখে। পাকাপাকিভাবে তিন সিনিয়র ক্রিকেটারকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি