ভিয়েতনামে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা
প্রকাশিত : ২০:১৪, ২৪ মার্চ ২০২৬
অবশেষে জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে যোগ দিয়েছেন তিনি।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আরও দুই দিন আগেই দলের সঙ্গে তার যুক্ত হওয়ার কথা ছিল। তবে নিজ ক্লাব লেস্টার সিটির কাছ থেকে সময়মতো ছাড়পত্র না পাওয়ায় তার আগমন বিলম্বিত হয়। অবশেষে সব বাধা পেরিয়ে মঙ্গলবার তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকেও হামজার যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হামজা দলের সঙ্গে যুক্ত হওয়ায় প্রধান কোচ হাভিয়ের কাবরেরার স্কোয়াড এখন কানায় কানায় পূর্ণ। মঙ্গলবারও ভিয়েতনামে দলের নিয়মিত অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। পূর্ণাঙ্গ স্কোয়াড হাতে পেয়ে দলের প্রস্তুতি কার্যক্রম এখন আরও নিবিড়ভাবে তদারকি করছেন স্প্যানিশ এই কোচ।
এশিয়ান কাপ বাছাইপর্বের মূল লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৬ মার্চ স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামবে জামাল ভূঁইয়া ও তার সতীর্থরা। এই ম্যাচ শেষে আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
এমআর//










