ঢাকা, বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬

মুস্তাফিজকে বাদ দেওয়া দুর্ভাগ্যজনক : আইপিএল চেয়ারম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৮, ২ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

মোস্তাফিজুর রহমানকে আইপিএলের ১৯তম আসর থেকে বাদ দেওয়া হয় জানুয়ারির প্রথম সপ্তাহে। তিন মাস পর এ নিয়ে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মোস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়াকে তিনি দুর্ভাগ্যজনক বলেছেন।

মুস্তাফিজকে বাদ দিতে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে চাপ প্রয়োগ করেছে কি না, এমন প্রশ্নে ধুমালের উত্তর, ‘আমি শুধু এটুকুই বলব, সেটি (আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া) দুর্ভাগ্যজনক। এর বাইরে আমার বিশেষ কিছু জানা নেই। তবে হ্যাঁ, কখনো কখনো আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে, যার ফলে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। আমি নিশ্চিত, শেষ পর্যন্ত শুভবুদ্ধিরই জয় হয়। আশা করি ভবিষ্যতে এমনটা আর হবে না।’

আইপিএলকে রাজনীতির বাইরে রাখা সম্ভব কি না, এই প্রশ্নের উত্তরে ধুমাল বলেন, ‘আমার মনে হয় না ক্রিকেটের দৈনন্দিন পরিচালনায় (ভারত) সরকারের কোনো আগ্রহ বা ভূমিকা আছে। ক্রিকেটের সার্বিক দিক নিয়ে সরকার খুবই আন্তরিক।’

 উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন স্থানে বিশেষ করে কলকাতায় আন্দোলনে নামে দেশটির রাজনৈতিক দলগুলো। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে, এমন অভিযোগ আনে ভারতের কয়েকটি ধর্মীয় সংগঠন ও কয়েকজন ধর্মীয় গুরু। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে চাপে পড়ে মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। কলকাতাও বোর্ডের কথা মেনে বাংলাদেশের পেসারকে ছেড়ে দেয়। মুস্তাফিজের সঙ্গে এমন আচরণ করায় ভারতে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেয় বাংলাদেশ।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি