ঢাকা, শনিবার   ২৯ আগস্ট ২০২৬

সারাদেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:৩৬, ২৯ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

সন্ত্রাস দমনে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সারাদেশে অবৈধ ও লুন্ঠিত হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। পাশাপাশি মাদক চোরাচালান, সন্ত্রাসী, চাঁদাবাজি ধরার জন্যও আমরা বিশেষ অভিযান পরিচালনা করবো। 

শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে আমরা সেই কার্যক্রম পরিচালনা করবো। এটা চালু আছে। এগুলো জোরদার করার জন্য আমরা আজকে আরও পরামর্শ দিয়েছি। কিছু কৌশল প্রণয়ন করেছি। যেটা এখানে আমার বলা ঠিক হবে না।

তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা বিশেষ একটা ইউনিট গঠন করেছি। বিভিন্ন গোয়েন্দা সংস্থার ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে তারা ইতোমধ্যে কাজে নেমে গিয়েছে, আরও জোরদার করার জন্য আমরা পরামর্শ দিয়েছি। 

মন্ত্রী বলেন, এসব অস্ত্র উদ্ধারে তথ্য দিলে তথ্যদাতাকে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যারা পিস্তল, রিভলভার, শর্টগান—এ জাতীয় অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করবে, তাদের আমরা ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কৃত করবো।  এর বাইরে সাউন্ড গ্রেনেড লুন্ঠিত হওয়া, টিয়ার গ্যাস শেল, অন্যান্য যেগুলো অস্ত্র আছে, যেগুলো লুট হয়েছে—এগুলো উদ্ধারের জন্য যারা সহযোগিতা করবে, সংবাদ দেবে—তাদেরও আমরা ১০ হাজার, ১৫ হাজার, ২০ হাজার টাকা করে পুরস্কৃত করবো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি