স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা, নেই রিয়ালের কোনো ফুটবলার
প্রকাশিত : ২১:১৮, ২৫ মে ২০২৬
২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে স্পেন। কোচ লুইস দে লা ফুয়েন্তের ঘোষিত এই দলে বড় চমক রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারের জায়গা না পাওয়া।
স্পেনের স্কোয়াড যেন অনেকটাই গড়ে উঠেছে বার্সেলোনার তরুণ কোরকে ঘিরে। ‘লা মাসিয়া’র ছাপ স্পষ্ট পুরো দলজুড়ে। ইনজুরির কারণে শেষ মুহূর্তে ফের্মিন লোপেজ ছিটকে না গেলে সংখ্যাটা হয়তো নয়েও পৌঁছাত।
বার্সেলোনা থেকে সুযোগ পাওয়া আট ফুটবলার হলেন—জোয়ান গার্সিয়া, পাউ কুবারসি, এরিক গার্সিয়া, পেদ্রি, গাভি, দানি অলমো, ফেররান তোরেস ও লামিন ইয়ামাল।
বিশেষ করে ইয়ামাল, পেদ্রি ও গাভিদের ঘিরেই নতুন প্রজন্মের স্পেনকে কল্পনা করছেন দে লা ফুয়েন্তে। ইউরোর পর এবার বিশ্বকাপেও তাদের কাঁধেই বড় স্বপ্ন দেখছে ‘লা রোহা’।
অন্যদিকে রিয়াল মাদ্রিদের শূন্য উপস্থিতি ফুটবলবিশ্বে তৈরি করেছে বিস্ময়। ইউরোপের সবচেয়ে সফল ক্লাবগুলোর একটি হয়েও জাতীয় দলে তাদের কোনো প্রতিনিধি না থাকা বিরল ঘটনা।
এর বড় কারণ বর্তমান রিয়াল স্কোয়াডের কাঠামো। ক্লাবটির মূল তারকাদের বেশিরভাগই বিদেশি। পাশাপাশি দানি কারভাহালের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় এবং স্প্যানিশ তরুণদের নিয়মিত সুযোগ না পাওয়ার প্রভাবও পড়েছে জাতীয় দলে।
ফলে এবারের স্পেন স্কোয়াডে সবচেয়ে বড় প্রভাব বিস্তার করেছে বার্সেলোনা।
স্পেনের ২৬ সদস্যের স্কোয়াড:
গোলকিপার:
উনাই সিমন, ডেভিড রায়া, জোয়ান গার্সিয়া।
ডিফেন্ডার:
মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে, পেড্রো।
মিডফিল্ডার:
পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, মার্টিন জুবিমেন্ডি, গাভি, রদ্রি, অ্যালেক্স বায়েনা, মিকেল মেরিনো।
ফরোয়ার্ড:
মিকেল ওয়ারজাবাল, দানি অলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেররান তোরেস, বোর্হা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ ও লামিন ইয়ামাল।
বিশ্বকাপের আগে এই দল ঘোষণাই যেন স্প্যানিশ ফুটবলের নতুন বাস্তবতার প্রতিচ্ছবি—যেখানে ভবিষ্যতের স্পেন গড়ে উঠছে বার্সেলোনার তরুণদের হাত ধরে।
এমআর//










