সড়কে বরের গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ
প্রকাশিত : ১৪:২০, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:৩৪, ৩১ আগস্ট ২০২৬
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বরযাত্রীদের গাড়ি আটকে নববধূকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সিনেমার দৃশ্যের মতো এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় মাইক্রোবাসটিতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ করেছেন বরের স্বজনরা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হোসেনপুরের সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে হয় রোববার। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাতে নববধূকে সঙ্গে নিয়ে বর ও বরযাত্রীরা একটি মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা হন।
পথে মাইক্রোবাসটি হোসেনপুর উপজেলার হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটির গতিরোধ করেন। একপর্যায়ে তারা মাইক্রোবাসে ভাঙচুর চালিয়ে নববধূ তামান্নাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যান বলে বরের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এ সময় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কনের পরিবারের দাবি মিয়াদ নামের এক যুবক দীর্ঘদিন ধরে তামান্নাকে উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় বরের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ওসি আরও এ ঘটনায় এলাকাবাসীর অনেকের সঙ্গে কথা বলেছি। তারা জানায়, তামান্নার সাথে মিয়াদ মিয়ার একটা সম্পর্ক ছিল। কিন্তু পারিবারিকভাবে রাজি না হওয়ায় মিয়াদ এমন একটি কাজ করেছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ
আরও পড়ুন










