ঢাকা, বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ দল। তবে বৈশ্বিক আসরের পরবর্তী সংস্করণে সরাসরি জায়গা নিশ্চিত করেছে টাইগাররা। 

২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ—এ তথ্য নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই টুর্নামেন্টেও ২০টি দল অংশ নেবে।

স্বাগতিক হওয়ার সুবাদে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড স্বয়ংক্রিয়ভাবে জায়গা নিশ্চিত করেছে। তাদের সঙ্গে বুধবার আরও ১০ দলের নাম জানিয়েছে আইসিসি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে জায়গা করে নেওয়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা আছে এই তালিকায়। আর র‌্যাংকিংয়ের ভিত্তিতে সুযোগ দেওয়া হয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডকে।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করতে ব্যর্থ হওয়া কিংবা আয়োজক না থাকা দলগুলোর মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড র‌্যাংকিংয়ে সবচেয়ে এগিয়ে। লিটন দাসের নেতৃত্বাধীন দল এই মুহূর্তে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ৯ নম্বরে আছে। 

২০ দল নিয়ে অনুষ্ঠেয় আসরের বাকি আটটি স্থান বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হবে। বাছাইয়ে আমেরিকান অঞ্চল থেকে একটি, ইউরোপীয় অঞ্চল থেকে দুটি, আফ্রিকান অঞ্চল থেকে দুটি এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তিনটি দল মূল পর্বে জায়গা করে নেবে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি