ঢাকা, রবিবার   ০৬ সেপ্টেম্বর ২০২৬

একুশে টেলিভিশনে মাসব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ৬ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আলাদা একটি অধ্যায় সালমান শাহ। স্নিগ্ধ হাসি, স্মার্ট উপস্থিতি, সাবলীল অভিনয় আর নিজস্ব ফ্যাশন—সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন প্রজন্মের স্বপ্নের নায়ক। তাকে ঘিরে ‘সেপ্টেম্বরের রাজপুত্র’ নামে মাসব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে একুশে টেলিভিশন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। স্বপ্নের নায়কের প্রয়াণকে মনে রাখা ও শ্রদ্ধার জানানোর জন্যই একুশে টেলিভিশনের এই আয়োজন।

শুধু ৯০’র দশকেরই অন্যতম নায়ক ছিলেন না সালমান শাহ, বর্তমান প্রজন্মও তাকে অনেক পছন্দ করেন। আসছে প্রজন্মও যে তাকে মনে রাখবেন এ জন্যই একুশের এই উদ্যোগ। 

কিছু তারকা পর্দায় আসেন, আলো ছড়ান, তারপর সময়ের স্রোতে হারিয়ে যান। আবার কেউ কেউ চলে গিয়েও থেকে যান দর্শকের হৃদয়ে। তাদের অভিনয়, হাসি, পোশাক, সংলাপ কিংবা পর্দায় উপস্থিতির ভঙ্গি প্রজন্ম পেরিয়ে নতুন করে আবিষ্কৃত হয়। সালমান শাহ তেমনই এক নাম। 

মৃত্যুর তিন দশক পূর্ণ হতে চললেও তার জনপ্রিয়তায় যেন ভাটা নেই। বরং সময় যত গড়াচ্ছে, নব্বইয়ের সেই স্বপ্নের নায়ককে ঘিরে নতুন করে তৈরি হচ্ছে আগ্রহ, আবেগ আর নস্টালজিয়া।

অল্প সময়ের ক্যারিয়ারে তিনি যা করে গেছেন, তা আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আলাদা একটি অধ্যায়। স্নিগ্ধ হাসি, স্মার্ট উপস্থিতি, সাবলীল অভিনয় আর নিজস্ব ফ্যাশন—সব মিলিয়ে সালমান শাহ হয়ে উঠেছিলেন এক প্রজন্মের স্বপ্নের নায়ক।

তার চলে যাওয়ার পর ঢালিউডে তৈরি হয় এক ধরনের শূন্যতা, যার কোনো তাৎক্ষণিক বিকল্প তৈরি করা সম্ভব হয়নি। তাই তো পুরো সেপ্টেম্বর মাস জুড়েই সালমান শাহ’র স্মরণে অনুষ্ঠানের আয়োজন করেছে একুশে টেলিভিশন।

একুশে টেলিভিশনের পর্দায় সালমান শাহ অভিনীত ‘সুজন সখি’ দিয়ে শুরু হয়েছে এই চলচ্চিত্র উৎসব। 

এই চিত্রনায়কের জনপ্রিয় সিনেমার মধ্যে ১১ সেপ্টেম্বর বিকাল তিনটায় একুশে টেলিভিশনে প্রচার হবে ‘আনন্দ অশ্রু’। এছাড়া ১৮ সেপ্টেম্বর ‘এই ঘর এই সংসার’, ২৫ সেপ্টেম্বর ‘স্বপ্নের ঠিকানা’ একুশের পর্দায় বিকাল ৩টায় দেখতে পারবেন দর্শকস্রোতা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি