জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অনিশ্চিত লিটন
প্রকাশিত : ২২:৪৬, ২৯ জুন ২০২৬
ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অনিশ্চিত বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। তার বাঁ-পায়ের কাফ মাসলে ‘গ্রেড-১’ পর্যায়ের ইনজুরি রয়েছে।
দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলার পথে বাঁ-পায়ের ইনজুরিতে পড়েন লিটন। পরবর্তীতে ফিল্ডিংয়ের সময় মাঠে নামতে পারেননি তিনি।
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলেও রাখা হয়নি লিটনকে।
দলের ফিজিও বায়েজিদউল ইসলাম জানান, কাফ মাসলের ‘গ্রেড-১’-এর ইনজুরি থেকে সেরে ওঠার পর্যায়ে রয়েছেন লিটন।
বায়েজিদ বলেন, ‘এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। ইতোমধ্যে দুই সপ্তাহ পার হয়ে গেছে, তাই আমরা আশা করছি তিন সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন লিটন।’
তিনি আরও বলেন, ‘লিটনের প্রথম ওয়ানডে খেলার সম্ভাবনা খুবই কম। যদি ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সব মেডিকেল মানদণ্ড পূরণ করতে পারেন, তবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে তার খেলার সম্ভাবনা আছে।’
দলের একটি সূত্র জানিয়েছে, নিশ্চিতভাবেই প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না লিটন। তবে বাংলাদেশ দলের লক্ষ্য হলো, পরবর্তী দুই ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য লিটনকে পুরোপুরি ফিট করে তোলা।
৬ জুলাই থেকে হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ১৫ জুলাই থেকে বুলাওয়েতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।
এমআর//










