পরীমনির বিয়ের স্বপ্নে আপাতত লাল কার্ড
প্রকাশিত : ১৬:১৬, ২০ জুলাই ২০২৬
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে নাকি আবার বিয়ের পিঁড়িতে বসবেন চিত্রনায়িকা পরীমনি। এমন শর্তে রাতারাতি মেসির ভক্তদের পাশাপাশি বোধহয় পুরো দেশই দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল! একদিকে ভক্তদের প্রার্থনা জিতুক আর্জেন্টিনা, অন্যদিকে ট্রলবাজদের দুষ্টু আশা হারুক আর্জেন্টিনা, পরীমণির বিয়ে থামুক! কিন্তু স্প্যানিশদের ঝড়ে আর্জেন্টিনা হারতেই সব হিসাব-নিকাশ ওলটপালট।
মেসিদের হেরে যাওয়ার পর পরীমনির বহুল চর্চিত বিয়ের স্বপ্নে আপাতত লাল কার্ড পড়ে গেছে। বাসরঘরের সানাই বাজার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, “বিয়েটা আর করতে হলো না! ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।”
তবে মন ভাঙলেও ব্যাচেলর থাকার আনন্দে হাফ ছেড়ে বাঁচলো পরীমনি। বলা যায়, মেসিরা ট্রফি না পেলেও পরীমনি কিন্তু ঠিকই বিয়ের পরাণ-জ্বালানো প্যারা থেকে এক শটে গোল দিয়ে বেঁচে গেলেন!
রোববার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি ৯০ মিনিট গোলশূন্য শেষ হয়। অতিরিক্ত সময়ে গিয়ে গোলের দেখা পায় স্পেন। বদলি হিসেবে নামা ফেরান তোরেসের দুর্দান্ত গোলে বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। শেষ মুহূর্ত পর্যন্ত লিওনেল মেসিকে সামনে রেখে মরিয়া চেষ্টা চালিয়েও সমতায় ফিরতে পারেনি ১০ জনের আর্জেন্টিনা।
খেলার মাঝখানে এনজো ফার্নান্দেজ পর পর দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় সংখ্যাগত সুবিধা নিয়ে অতিরিক্ত সময় শুরু করে স্পেন। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে তোরেসের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। বিশ্বকাপ ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে গোল করা ইতিহাসের মাত্র পঞ্চম ফুটবলার হন তোরেস।
এর আগে আর্জেন্টিনা ফাইনাল জিতলেই নাকি পরীমনি আবারও বিয়ে করবেন এমন এক অদ্ভুত শর্ত দিয়ে তিনি নিজেই ফেসবুক পোস্টে ঘোষণা দিয়েছিলেন। তাঁর সেই কথা শুনে আগুনে ঘি ঢেলে সঞ্চালক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক মাধ্যমে জানান যে, আর্জেন্টিনা শিরোপা জিতলে ভাই হিসেবে তিনি নিজ খরচে পরীমনির বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন করবেন।
ফ্রি স্পনসরশিপের এমন অফারে নেটপাড়ায় বিয়ের ধুম পড়ার উপক্রম হয়েছিল ঠিকই, কিন্তু ফাইনালে স্পেনের কাছে মেসির দল হেরে যাওয়ায় এক নিমেষেই সব ভেস্তে যায়।
ফাইনাল ম্যাচ শেষে পরীমনি তাঁর ওয়ালে স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার জানান যে, ‘যাক শেষ পর্যন্ত তাঁকে আর বিয়ের পিঁড়িতে বসতে হলো না এবং ভালোবাসার আর্জেন্টিনার সঙ্গে আবারও দেখা হবে।’
স্পেন জেতায় একদিকে যেমন পরীমনি বিয়ের ঝক্কি থেকে বেঁচে যান, অন্যদিকে বিয়ের খরচ থেকে রেহাই পান জয়!
এএইচ










