ঢাকা, বুধবার   ১২ আগস্ট ২০২৬

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড, শিগগিরই চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৩৯, ১২ আগস্ট ২০২৬

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে থাইল্যান্ডের শ্রম বিষয়ক সিনেটের সাক্ষাৎ

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে থাইল্যান্ডের শ্রম বিষয়ক সিনেটের সাক্ষাৎ

Ekushey Television Ltd.

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। দেশটির নির্মাণ এবং ফ্যাক্টরিসহ বিভিন্ন খাতে জনবল সংকট কাটাতে কর্মী নিতে চায় থাই সরকার।

বুধবার (১২ আগস্ট) ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে থাইল্যান্ডের শ্রম বিষয়ক সিনেট স্ট্যান্ডিং কমিটির একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে এসব কথা জানানো হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে কর্মী নেয়ার ক্ষেত্রে নৈতিক ও দায়িত্বশীল নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার করতে হবে । তিনি আরও বলেন, কর্মী নিয়োগের প্রাথমিক ব্যয় নিয়োগকর্তাকে বহন, স্থানীয় ভাষায় প্রমিত কর্মসংস্থান চুক্তি এবং কর্মীদের ন্যায্য মজুরি, আবাসন ও চিকিৎসা বিমার মতো সুরক্ষা নিশ্চিত করতে হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, থাইল্যান্ডের দক্ষ জনশক্তির প্রয়োজন রয়েছে, অন্যদিকে বাংলাদেশের রয়েছে বিপুল কর্মী। সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে দক্ষ বাংলাদেশি কর্মী নেওয়ার জন্য থাই প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান তিনি।

থাইল্যান্ডের শ্রম বিষয়ক সিনেট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিতরুত্তি সুথিনন জানান, বর্তমানে চারটি দেশের সঙ্গে কর্মী নিয়োগে থাইল্যান্ডের চুক্তি রয়েছে। কম্বোডিয়ার সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কারণে দেশটি থেকে নির্মাণ, হালাল ফ্যাক্টরি ও কৃষি খাতে কর্মী নেয়া বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে কর্মী সংকট মোকাবিলায় বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়ে আগ্রহী থাইল্যান্ড।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী থাই প্রতিনিধিদলের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, উভয় দেশের উদ্বেগের বিষয়গুলো দ্রুত নিরসন করে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা যাচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি