ঢাকা, শুক্রবার   ২৮ আগস্ট ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা জোরদারে শান্তিপূর্ণ আলোচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:১৫, ২৮ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার, স্মল মডুলার রিঅ্যাক্টর (এসএমআর), জ্বালানি নিরাপত্তা এবং জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং দেশটির জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং টেকসই উন্নয়নে আধুনিক ও নিরাপদ পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে স্মল মডুলার রিঅ্যাক্টরের সম্ভাবনা বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

তিনি বলেন, পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ, নিরাপদ, সুরক্ষিত ও দায়িত্বশীল ব্যবহারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে যুক্তরাষ্ট্রসহ প্রযুক্তিগতভাবে অগ্রসর দেশগুলোর সঙ্গে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় এবং সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।

বৈঠকে ক্রিস রাইট বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি ও পারমাণবিক প্রযুক্তি খাতে সহযোগিতার সম্ভাবনার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি আধুনিক পারমাণবিক প্রযুক্তি, বিশেষ করে এসএমআরের উন্নয়ন ও সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের কথা তুলে ধরেন।

আলোচনায় শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা, এসএমআর প্রযুক্তি, জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা ও সহায়তা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি