ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬

একরাম হত্যা

শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ২৫ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

কক্সবাজার একরাম হত্যা মামলায় ব্রিগেডিয়ার মিফতা উদ্দিন ও সাবেক এমপি বদিসহ ৪ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। এই মামলায় শেখ হাসিনাসহ পলাতক ৭ জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। পরবর্তী তারিখ ৭ সেপ্টেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।  

মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ সাত আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম এবং র‍্যাবের সাবেক মহাপরিচালক আনোয়ার লতিফ খান। 

এর আগে আজ সকালে মাদকবিরোধী অভিযানের নামে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ ও সাবেক এমপি আব্দুর রহমান বদিকে ট্রাইবুনালে হাজির করা হয়।

গত ২৬ জুলাই এ ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

এদিন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল পলাতক আসামিদেরবিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং গ্রেপ্তার থাকা তিনজনকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসিকিউশন বলছে, ২০১৮ সালের ২৬ মে রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের কিরণতলী থেকে একরামুল হককে অপহরণ করা হয়। রাত আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় মেরিন ড্রাইভের সাগরতীরে র‌্যাবের কথিত বন্দুকযুদ্ধে নিহত হন ৪৬ বছর বয়সী একরামুল হক।

একরামকে বিচারবহির্ভূত হত্যার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র ২০২১ সালের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এদিকে, সাভারের এপিসি মামলায় পলাতক ১৩ জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল ২।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি