ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬

হিলিতে দ্বিতীয় দিনের মতো চলছে ঢিলেঢালা লকডাউন 

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫২, ৬ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শুরু হওয়া সাত দিনের লকডাউনের দ্বিতীয় দিনে সারাদেশের ন্যায় হিলিতেও ঢিলেঢালাভাবে লকডাউন চলছে। এদিকে লকডাউন পালন ও স্বাস্থ্যবিধি মানতে প্রশাসনের নজরদাড়ি অব্যাহত রয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো আন্তজেলা ও দুরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সড়ক গুলোতে ইজিবাইক ও সিএনজির চলাচল স্বাভাবিক রয়েছে। এগুলোতে মানুষজন গাদাগাদি করে চলাফেরা করছে, এতে মানা হচ্ছে না কোন রকম স্বাস্থ্যবিধি। এদিকে দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার সকাল থেকেই ওষধের ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ব্যাতীত অন্যান্য দোকানপাঠ বন্ধ রয়েছে। তবে অনেক দোকানীকে প্রশাসনের চোখ ফাকি দিয়ে দোকানের অর্ধেক শার্টার খুলে রেখে পণ্য বিক্রি করতে দেখা গেছে। এদিকে একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হওয়া নিষেধ থাকলেও অনেকেই বিনা কারণে বাজারসহ বিভিন্ন চায়ের দোকানগুলোতে ভিড় করছেন। 

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, লকডাউন ও স্বাস্থ্যবিধিসহ অন্যান্য যে সকল নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে সেগুলো ঠিকমতো পালন করা হচ্ছে কিনা তা দেখতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখা ও বাজারে অযথা ঘোরাফেরা করা এবং স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে জরিমানা করা হচ্ছে। এর পাশাপাশি সরকারি যে নির্দেশনাবলী রয়েছে বিকেল ৪টার পর দোকান বন্ধ করা, অপ্রয়োজনে ঘরের বাহিরে বের হওয়া, সন্ধ্যা ৬টার পরে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়া। এই বিষয়গুলো আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি যাতে সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি