ঢাকা, বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৬, ১৬ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীতে পৃথক দুটি ঘটনায় ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বংশালের চাঁনখারপুল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর এবং বুধবার বিকেলে হাজারীবাগ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, দুই শিক্ষার্থীর ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ও মানসিক হতাশার বিষয়টি প্রাথমিকভাবে সামনে এসেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ ঘটনাগুলো তদন্ত করছে।

নিহত অনিক চন্দ্র পাল (২১) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বংশাল থানার চাঁনখারপুলের পি কে গাঙ্গুলী লেনের একটি মেস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহপাঠীদের বরাতে জানা গেছে, ঘটনার দুই দিন আগে প্রেমের সম্পর্কের বিচ্ছেদের পর অনিক মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে এ তথ্যের বিষয়ে পুলিশি তদন্ত এখনো চলছে।

অন্যদিকে, রাফসাদ মোস্তফা রুহিন (২২) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার বিকেলে হাজারীবাগের ঝিগাতলা এলাকার জাহানারা মেনশনের একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

পরিবারের সদস্যদের ভাষ্য, প্রায় এক বছর ধরে এক তরুণীর সঙ্গে রাফসাদের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের দীর্ঘদিনের মনোমালিন্য নিয়ে তিনি মানসিকভাবে হতাশ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

দুই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পৃথক ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশ তদন্ত করছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অন্যান্য তথ্য পর্যালোচনার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত কারণ জানা যাবে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি