ঢাকা, বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬

মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনকারীদের হাতে এক সৌদি প্রবাসীর ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর বলিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত শুভ মিয়া (২২) ওই এলাকার সৌদি প্রবাসী সাদিকুল ইসলামের একমাত্র ছেলে।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, তারাবির নামাজের পর একই এলাকার নুরু মিয়ার ছেলে রিয়াদ, আব্দুস সালামের ছেলে নাঈম মিয়া, বকুল মিয়ার ছেলে আরমানসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন মাদক সেবনকারীরা নিহতের বাড়ি ঘরের টিনের চালায় ইট পাটকেল নিক্ষেপ এবং ঘরের বেড়ায় হামলা করে। এ সময় শুভ মিয়া এতে বাঁধা দিলে রিয়াদ তার গলায় ও মাথায় উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

পরে স্বজনরা শুভকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচী হেনা আক্তার জানায়, রমজান মাসেই শুভর সৌদি আরব যাওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। ভিসা ও পাসপোর্টের কাজ শেষ করে প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তবে তার মায়ের ইচ্ছে ছিল, ছেলে যেন পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে তারপর বিদেশে যায়। কিন্তু সেই আশা আর পূরণ হলো না।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) লিমন বোস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি