ঢাকা, সোমবার   ১৮ মে ২০২৬

জব্দ করা হরিণের মাংস ভাগাভাগি, খুলনায় দুই পুলিশ সদস্য প্রত্যাহার

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩০, ১৭ মে ২০২৬

Ekushey Television Ltd.

খুলনার ডুমুরিয়া উপজেলা এলাকায় হরিণের মাংসসহ আটক এক ব্যক্তিকে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা মাংস ভাগাভাগি করে নেওয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

রোববার (১৭ মে) দুপুরে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই দুই সদস্যকে খুলনা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

প্রত্যাহার হওয়া দুই পুলিশ সদস্য হলেন— কনস্টেবল মো. মাইনুল ইসলাম ও মো. মুছাব্বির হোসেন। তারা ডুমুরিয়া থানার শোভনা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আছের আলি জানান, গত ১২ মে সুফল মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে হরিণের মাংস জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্ত দুই পুলিশ সদস্য সুফল মণ্ডলের কাছ থেকে টাকা নেন এবং জব্দ করা মাংস নিজেদের মধ্যে ভাগ করে নেন বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি আরও জানান, ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়ার পর বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

পুলিশ জানায়, জব্দ করা মাংস কোথা থেকে এসেছে এবং এর পরিমাণ কত ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

খুলনা জেলা পুলিশ সুপার তাজুল ইসলাম বলেন, আর্থিক লেনদেনের মাধ্যমে হরিণের মাংসসহ আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি