থানায় জামায়াত এমপির বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
প্রকাশিত : ০৯:২০, ২২ মে ২০২৬
পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী লীগ কর্মীদের হামলায় উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে পাবনা-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগার দলীয় নেতাকর্মীদের নিয়ে থানার সামনে বিক্ষোভ করেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার খানমরিচ ইউনিয়নের কালিনজিরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কয়েকজন আওয়ামী লীগ কর্মীর সঙ্গে জামায়াত নেতা জিল্লুর রহমানের ‘বেহেশতের টিকিট’ প্রসঙ্গ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিল্লুর রহমান একজনকে থাপ্পড় মারেন বলে অভিযোগ রয়েছে। এর জের ধরে রাতে বাড়ি ফেরার পথে কালিনজিরা ব্রিজের ওপর তার ওপর হামলা চালানো হয়।
হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জিল্লুর রহমানকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন।
আহত জিল্লুর রহমান উপজেলার দাসমরিচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও একই গ্রামের নজির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর রাত ১০টার দিকে সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগারের নেতৃত্বে প্রায় ৩৫ জন নেতাকর্মী ভাঙ্গুড়া থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং বক্তব্য রাখেন জামায়াত নেতা হাফিজ উদ্দিন বাহারসহ অন্যরা।
বক্তারা হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তারা।
পরে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে পরিস্থিতি শান্ত হয়।
ওসি সাকিউল আজম বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।”
এএইচ
আরও পড়ুন










