সেই ‘কালোমানিক’ এবার বিক্রি করতে চান সোহাগ, দাম চান ২২ লাখ টাকা
প্রকাশিত : ১০:১৯, ২২ মে ২০২৬
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া সেই 'কালোমানিক' নামের গরুটি এবার কোরবানির ঈদে বিক্রি করতে চান সোহাগ মৃধা। ৪৫ মণ ওজনের এ ষাঁড় গরুটির দাম হেঁকেছেন ২২ লাখ টাকা। বিশাল আকৃতির গরুটি দেখতে প্রতিনিয়ত তার বাড়িতে ভীড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের সোহাগ মৃধা ও তার পরিবার গরুটির পরিচর্যা করছেন। তারা জানান, ২০১৮ সালে স্থানীয় চৈতা বাজার থেকে ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভি কিনেছিলেন সোহাগ মৃধা। পরে সেই গাভির জন্ম দেয়া একটি বাছুর কালো রঙের হলে আদর করে তার নাম রাখেন ‘কালোমানিক’।
দীর্ঘ সাত বছর লালন পালন করার পর ভালোবাসা ও শ্রদ্ধার নির্দশন হিসেবে গত বছর কোরবানিতে বেগম খালেদা জিয়াকে গরুটি উপহার দেন চান সোহাগ মৃধা।
সোহাগ মিয়া জানান, তিনি বিএনপির একজন নগন্য কর্মী। দীর্ঘ সাত বছর গরুটিকে সন্তানের মতো লালন পালন করেছেন। দলের চেয়ারপার্সনের প্রতি ভালোবাসা থেকে গত বছরের ৫ জুন তিনি গরুটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেয়ার জন্য ঢাকায় গুলশানের বাসায় নিয়ে যান। বেগম জিয়া উপহার হিসেবে গরুটি গ্রহণের পর সোহাগ মৃধার ছেলে জিসান মৃধাকে (৬) ফিরতি উপহার হিসেবে গরুটি প্রদান করে পরিবারের স্বচ্ছলতার কাজে লাগানোর পরামর্শ দেন।
সে সময় তাদের বাসার ভেতরে নিয়ে আপ্যায়ন করানো হয়েছিল বলে জানান সোহাগ।
সোহাগের স্ত্রী সুলতানা বেগম জানান, তারা গরেুটিকে সন্তানের মতো লালন পালন করেছেন। গরুর থাকার ঘর যাতে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকে সে বিষয়ে সকল সময় সচেষ্ট থেকেছেন। তিনি আরো জানান, গত বছর ঢাকা থেকে ফেরার পর গরুটি বিক্রি করতে পারেননি সোহাগ মৃধা। ১২ ফুট দৈর্ঘ্য, ৬ ফুট উচ্চতা ও ৪৫ মণ ওজনের এ গরুটি এবার বাড়িতে বসেই বিক্রি করতে চান তারা।
তিনি আরো জানান, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করতে প্রতিদিন গরুটি পেছনে তাদের খরচ হয়েছে প্রায় এক হাজার থেকে বারোশ’ টাকা।
গরুটিকে এক নজর দেখতে আসা একাধিক দর্শনার্থী জানান, সোহাগের দেখাদেখী অনেকেই একটি বা দুটি গরু লালন পালন করে সংসারে স্বচ্ছতা ফেরাতে কাজ করছেন। তার ‘কালোমানিক’ এই এলাকার মানুষের জন্য আর্শিবাদ হিসেবে কাজ করবে বলে মনে করছেন তারা।
এএইচ
আরও পড়ুন










