কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় রাসিকের ব্যতিক্রমী পদক্ষেপ
প্রকাশিত : ১৫:৪৯, ২২ মে ২০২৬ | আপডেট: ১৫:৫৫, ২২ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ এবং কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে প্রথমবারের মতো মহানগরবাসীর মাঝে বিনামূল্যে প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
নগরীর দরগাপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি কয়েকজনের হাতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দেন।
পরে দরগাপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের মাঝেও এসব সামগ্রী বিতরণ করেন।
রাসিক সূত্রে জানা গেছে, এ উদ্যোগের আওতায় রাজশাহী মহানগরীর ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস সংরক্ষণের জন্য তিনটি করে পরিবেশবান্ধব ব্যাগ দেওয়া হচ্ছে। এছাড়া গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য দুটি বড় পরিবেশবান্ধব ব্যাগ ও এক কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য একটি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার দেওয়া হবে।
বৃহস্পতিবার বিকালে এ কার্যক্রম উদ্বোধনকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশবান্ধব এসব ব্যাগ পচনশীল হওয়ায় মাটির সঙ্গে সহজেই মিশে যাবে। ভবিষ্যতে রাজশাহীকে পলিথিনমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির সব বর্জ্য অপসারণে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকলের সহযোগিতা পেলে ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়া সম্ভব হবে।”
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে রাসিকের দেওয়া ব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখতে হবে। একই সঙ্গে ড্রেনের ওপর পশু জবাই এবং ড্রেনে রক্ত ও বর্জ্য ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। বর্জ্য অপসারণের পর পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার ব্যবহারেরও পরামর্শ দেন।
এ সময় রাসিকের কর্মকর্তারা ছাড়াও রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লেমন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এএইচ
আরও পড়ুন










