ঢাকা, মঙ্গলবার   ২৬ মে ২০২৬

মানিকগঞ্জে অক্সিজেনবাহী লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৫, ২৫ মে ২০২৬ | আপডেট: ১৮:০৬, ২৫ মে ২০২৬

Ekushey Television Ltd.

মানিকগঞ্জ সদর উপজেলায় তরল অক্সিজেনবাহী লরির সঙ্গে ঈদে ঘরমুখো যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসে আগুন ধরে যায় এবং যাত্রীদের মালামাল পুড়ে যায়। বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুরো এলাকায় তরল অক্সিজেনের গ্যাস ছড়িয়ে পড়ে। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকার গাবতলী থেকে এফকে পরিবহনের একটি বাস কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে আসে। বাসটির যাত্রীরা ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি ফিরছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় কুষ্টিয়াগামী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা তরল অক্সিজেনবাহী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়।

এ সময় আতঙ্কিত যাত্রীরা দরজা ও জানালা দিয়ে দ্রুত নামতে গেলে কয়েকজন সামান্য আহত হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন বলেন, “এ ঘটনায় কেউ নিহত হননি। দুর্ঘটনার পর সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।”

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি