ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মে ২০২৬

সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন এলাকায় ঈদ উদ্‌যাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ২৭ মে ২০২৬

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার দেশের বিভিন্ন এলাকায় আগাম ঈদ উদযাপিত হয়েছে।

বরগুনা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, জামালপুর, ঝিনাইদহ, ধামরাই, মৌলভীবাজার ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব জামাতে অংশ নেন কয়েক হাজার মুসল্লি। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বরগুনা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনার ১২টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বেতাগী উপজেলার চান্দখালি গ্রামের মল্লিক বাড়ি মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সদর, আমতলী, বেতাগী ও পাথরঘাটার বিভিন্ন গ্রামেও পৃথক জামাত অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের ১১টি গ্রামে আগাম ঈদ উদযাপন করেন মুসল্লিরা। রামগঞ্জ উপজেলার জাহাঙ্গীর টাওয়ারস্থ খানকায়ে মাদানিয়া কাসেমিয়া রামগঞ্জ শাখায় সকাল ৭টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জেলার রামগঞ্জ ও রায়পুর উপজেলার বিভিন্ন গ্রামের মুসল্লিরা এতে অংশ নেন। স্থানীয়রা জানান, তারা প্রায় ৪৬ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

চট্টগ্রাম

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশসহ প্রায় ৬০টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা এদিন ঈদের নামাজ আদায় করেন। সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

জামালপুর

জামালপুরের ইসলামপুর, সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলার প্রায় ২০টি গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন। বৃষ্টির কারণে অনেক স্থানে ঘরের ভেতরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে কোরবানির প্রস্তুতি নেন মুসল্লিরা।

ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কয়েকটি এলাকায় আগাম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় চটকাবাড়িয়া আহলে হাদিস জামে মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া ভালকি ও নিত্যানন্দপুর এলাকাতেও ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।

ধামরাই

ঢাকার ধামরাইয়ের শরীফভাগ এলাকায় সকাল ৭টায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৫০ জন অংশ নেন। আয়োজকরা জানান, গত পাঁচ বছর ধরে সেখানে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

মৌলভীবাজার

মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় সকাল ৭টায় আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক মুসল্লি জামাতে অংশ নেন। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়।

ফরিদপুর

ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার অন্তত ১০টি গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন। সহস্রাইল দায়রা শরিফ, রাখালতলি ও মাইটকুমরা মসজিদে পর্যায়ক্রমে কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয়রা জানান, তারা দীর্ঘদিন ধরে চন্দ্র মাসের হিসাব অনুযায়ী এক দিন আগে ঈদ পালন করে আসছেন।

এছাড়াও চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তর উপজেলার প্রায় অর্ধশত গ্রামে আজ ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে। পাশাপাশি পঞ্চগড়, গাইবান্ধা, পটুয়াখালী, কুড়িগ্রাম, দিনাজপুর, সুনামগঞ্জ, সাতক্ষীরা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায়ও আগাম ঈদুল আজহা উদযাপন করা হয়েছে বলে জানা যায়। 

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি