ঢাকা, রবিবার   ৩১ মে ২০২৬

মানিকগঞ্জে দেবরের বিরুদ্ধে ভাবি-ভাতিজাকে হত্যার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২২, ৩১ মে ২০২৬

Ekushey Television Ltd.

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাবি ও আপন ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বড়ভাই সালাম। 

শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে উপজেলার বাচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাচারিপাড়া গ্রামের বাসিন্দা সালামের স্ত্রী আমেনা বেগম (৩০) এবং তাদের দুই বছরের ছেলে আসলাম। আহত সালামকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসার জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে সালাম ও তার ছোট ভাই ইউসুফ আলীর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে ইউসুফ আলী আমেনা বেগম ও শিশু আসলামকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

পরে ইউসুফ আলী তার বড় ভাই সালামকে বাড়িতে আসার জন্য ফোন করেন। সালাম বাড়িতে পৌঁছালে তার ওপরও হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে সালামের স্ত্রী ও শিশুপুত্রকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ইউসুফ আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি