ঢাকা, মঙ্গলবার   ১১ আগস্ট ২০২৬

খানজাহান আলী মাজারের দিঘি থেকে সরিয়ে নেওয়া হলো কুমিরটি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫২, ৩ জুন ২০২৬ | আপডেট: ২২:৫৫, ৩ জুন ২০২৬

Ekushey Television Ltd.

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান (র.)-এর মাজার সংলগ্ন ঠাকুর দিঘিতে থাকা একমাত্র নারী কুমিরটি অপসারণ করেছে বন বিভাগ।

বুধবার (৩ জুন) দুপুরে স্থানীয়দের সহায়তায় বন বিভাগের কুমির বিশেষজ্ঞরা দিঘির পূর্ব পাড়সংলগ্ন একটি ছোট পুকুর থেকে কুমিরটিকে উদ্ধার করেন।

উদ্ধারের পর কুমিরটির চোখ, মুখ ও পা বেঁধে বন বিভাগের গাড়িতে তোলা হয়। পরে সেটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়ার জন্য রওনা দেওয়া হয়। কুমিরটি অপসারণের ঘটনায় দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে অনেকেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে কুমিরটিকে পুনরায় দিঘিতে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

কুমিরটিকে উদ্ধারের জন্য সকাল থেকেই বন বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা মাজার এলাকায় অবস্থান নেন। বেলা ১১টার দিকে দিঘির পূর্ব পাড়ে কুমিরটির অবস্থান শনাক্ত করা হয়। পরে খাবারের প্রলোভন দেখিয়ে সেটিকে নিয়ন্ত্রণে আনা হয়। দুপুর ১২টার দিকে কুমিরটিকে বেঁধে দিঘি থেকে তুলে বন বিভাগের গাড়িতে করে খুলনার উদ্দেশে পাঠানো হয়।

এর তিন দিন আগে কুমিরটির আক্রমণে এক শিশুর মৃত্যু হয়। এর আগেও কুমিরটির আক্রমণের একাধিক ঘটনা ঘটেছে। সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় মঙ্গলবার (২ জুন) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় জননিরাপত্তার স্বার্থে কুমিরটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে প্রাণীটিকে সরিয়ে নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

কুমির বিশেষজ্ঞ আজাদ কবির বলেন, “আমরা সফলভাবে কুমিরটিকে উদ্ধার করতে পেরেছি। প্রায় ৬০০ কেজি ওজনের এই মাদি কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হচ্ছে। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন বলেন, “জননিরাপত্তার স্বার্থে মাজারের দিঘি থেকে কুমিরটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত প্রাণীটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রাখা হবে। পরবর্তী করণীয় বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

উল্লেখ্য, গত সোমবার (১ জুন) রাত ৮টার দিকে মাজারসংলগ্ন দিঘিতে গোসল করতে নেমে সাত বছর বয়সী ফাতেমা আক্তার কুমিরের আক্রমণের শিকার হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কুমিরটি শিশুটির পা ধরে পানির নিচে টেনে নিয়ে যায়। পরে মঙ্গলবার ভোরে মাজারসংলগ্ন দিঘির মহিলা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি