ওভারটেক করতে গিয়ে বাস খাদে, শিশুসহ নিহত ৪
প্রকাশিত : ১৪:৫৮, ৮ জুন ২০২৬
এক মুহূর্তের অসতর্কতায় নিভে গেল চারটি প্রাণ। গন্তব্যে পৌঁছানোর আগেই মৃত্যু কেড়ে নিল চার যাত্রীকে। ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কে একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন যাত্রীর মৃত্যু হয় এবং অন্তত ৩০ জন আহত হন।
নিহতরা হলেন- সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মুন্সি আরশ আলী, শিশু আলিফ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাইকপাড়া এলাকার মৌসুমী দাস এবং নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সেতু মজুমদারের ছেলে তনয় কুমার মজুমদার।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়া হয়েছে।
ওসি আবু তাহের দেওয়ান বলেন, নিহতদের মরদেহ খাটিহাতা হাইওয়ে থানায় রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর আহতদের চিৎকার-আর্তনাদে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করা হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়।
এএইচ
আরও পড়ুন










