‘দলীয় নেতাকর্মীরা এমন সুবিধা পাবে না, যাতে সরকারের বদনাম হয়’
প্রকাশিত : ১৮:৫০, ১০ জুলাই ২০২৬
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা (বিএনপি) ক্ষমতায় আছি, নিশ্চয়ই নেতাকর্মীরা সুবিধা পাবেন। তবে এমন সুবিধা আমরা দেবো না, যা সরকারের বদনাম করে বেড়ায়।
আজ শুক্রবার সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
দলীয় কোনো সিন্ডিকেট চান না বলে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, একজন চাঁদাবাজ হাসপাতালে এসে যদি চাঁদাবাজি করে সেটা তার ব্যক্তিগত। এই চাঁদাবাজের কারণে সরকারের উপরে যে কালিমা লিপ্ত হবে সেই কালিমার দাগ সরকার নেবে না।
মো. আসাদুজ্জামান বলেন, সম্প্রতি বরিশালে জোর করে দলীয় পরিচয়ে একজন চেক সাইন করতে গিয়েছিলেন। কিন্তু আমরা রাত পার হতে দেইনি। অপরাধী যে দলের যত বড় নেতাই হোক না কেন তার পরিচয় অপরাধী।
কেউ যদি মনে করেন আওয়ামী লীগ লুটপাট করেছে তার খালি জায়গায় আমি নিজেই বসে গেলাম এরকম ভুল ধারণা আপনারা করবেন না বলে হুঁশিয়ার করেন আইনমন্ত্রী।
এএইচ
আরও পড়ুন










