ঢাকা, সোমবার   ১৩ জুলাই ২০২৬

৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ১২ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে টানা ৫ দিন বন্ধ থাকার পর ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার দুপুর দেড়টায় ঢাকা থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে।

ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে এ রুটে ট্রেন চলা শুরু হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী অংশ প্লাবিত হয়। এতে ওই সেকশনের রেললাইন ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং সাময়িকভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার পর বাংলাদেশ রেলওয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের উদ্যোগ গ্রহণ করে। নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই জানআলীহাট-ষোলশহর সেকশন ট্রেন চলাচলের উপযোগী করা হয়।

এরই ধারাবাহিকতায় আজ দুপুর দেড়টায় ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে।

রেলওয়ে জানিয়েছে, আজ থেকে ঢাকা-কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার, কক্সবাজার-চট্টগ্রাম এবং কক্সবাজার-ঢাকা রুটের সব ট্রেন নিয়মিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে যাত্রীদের রেলযাত্রায় সাময়িক বিঘ্ন ঘটায় বাংলাদেশ রেলওয়ে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি