জিয়া ব্যবসা হলে জুলাই ব্যবসা কেন নয়, প্রশ্ন মাহমুদা মিতুর
প্রকাশিত : ১৯:৪৬, ১ আগস্ট ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, বিএনপি প্রায়ই এনসিপির উদ্দেশে বলে, ‘জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না।’ তবে বিএনপি যদি ‘জিয়া ব্যবসা’ করতে পারে, তাহলে ‘জুলাই ব্যবসা’ করতে অসুবিধা কোথায়—এমন প্রশ্ন তুলেছেন তিনি।
শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. মাহমুদা মিতু বলেন, “আপনারা নিজেদের এমন জায়গায় নিয়ে গেছেন যে, আপনাদের পক্ষে কোনো নির্যাতিত মানুষ নেই। কারণ মজলুমরা সবসময় মজলুমের পক্ষেই থাকে, জালিমের পক্ষে নয়।”
বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, “১৭ বছরের মজলুম এখন জালিম হয়ে উঠছে। আপনারা ছয় মাস ভালো হওয়ার অভিনয়ও করতে পারেননি।”
জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহীদ জাবির ইব্রাহিমের মা ও সংসদ সদস্য রোকেয়া বেগম, কেন্দ্রীয় এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ।
এছাড়াও দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এএইচ
আরও পড়ুন










