ঢাকা, শনিবার   ১৫ আগস্ট ২০২৬

সেই ভাইরাল ইউএনওকে বদলি, ত্রিশালে মিষ্টি বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৪, ১৪ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৩৯, ১৪ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

ছাত্রদল নেতাকে লাঞ্ছিত করার ঘটনায় ত্রিশালের ‘ভাইরাল ইউএনও’কে বদলি করা হয়েছে। দুঃখ প্রকাশ ও স্থানীয় সংসদ সদস্যের তোড়জোড়েও আটকানো গেল না তার বিদায়। ইউএনও’র বিদায়ে বিভিন্ন মহলে চলছে উল্লাস ও মিষ্টি বিতরণ।

ইউএনও’র একের পর এক অপকর্মের ফিরিস্তি সামনে এনে বিচার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

সরকারি প্রজ্ঞাপনে এই বদলির সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে সম্প্রতি ত্রিশালের কালীরবাজার এলাকায় ছাত্রদল নেতাকে ইউএনওর বেধড়ক প্রহারের ভিডিও ভাইরাল হয়।

এদিকে ইউএনও’র বিদায়ে মিষ্টি বিতরণ করে উল্লাস করছে ত্রিশালের সাধারণ মানুষ। 

বদলীর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে এক তার অন্যায়, অনিয়ম ও জুলুমবাজির ফিরিস্তি বের হয়ে আসে। স্থানীয়রা জানান, সাধারণ মানুষকে তিনি সব সময় মনে করতেন চাকর, জেল জবর-জুলুমের মাধ্যমে চালিয়েছেন স্বৈরশাসকের তাণ্ডব। তাই তার সকল অপকর্মের তদন্তপূর্বক বিচারের দাবি করেছেন তারা।

গেল বৃহস্পতিবার বিকালে ত্রিশালের একটি বেসরকারি হাসপাতালে স্থানীয় সংসদ সদস্য ডা.মাহবুবুর রহমান দু’পক্ষকে নিয়ে বসে বিষয়টি নিষ্পত্তি করে দিলে ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী মিডিয়ার সামনে এসে ওই ঘটনার জন্য দু:খ ও অনুতপ্ত প্রকাশ করে বক্তব্য দেন।

তবে এর কিছুক্ষণ পর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। 

প্রকাশ থাকে যে, গেল ১২ আগস্ট  ত্রিশালের কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় বালু বিক্রির একটি পয়েন্টে ইউএনও আরাফাত সিদ্দিকী ইজারাদারের এক কর্মী ও ছাত্রদলের সহসভাপতিকে চড় থাপ্পড় মারতে থাকেন। পরে র‌্যাবের এক সদস্য ওই কর্মীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউএনও ওই সদস্যের হাত থেকে একটি লাঠি নিয়ে তাঁকে বেধরক প্রহার করেন। 

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান ইউএনওকে থামানোর চেষ্টা করেন। ওই ঘটনার একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি