প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা, পিতার মৃত্যুদণ্ড
প্রকাশিত : ১৮:০৭, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:১৩, ২৪ আগস্ট ২০২৬
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিপক্ষ চাচাতো ভাইকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের নিজ শিশুকন্যাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে পিতা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে এই মামলার রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক মো: আনোয়ারুল হক।
মৌলভীবাজার আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারী কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের শরীফ আলী তার প্রতিবেশী ও চাচাতো ভাই সালেক মিয়াকে ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে তিন বছরের কন্যা রুনা বেগমকে মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেন।
এ ঘটনায় মেয়ের মা নেকজান বিবি কমলগঞ্জ থানায় তার স্বামীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে শিশু সন্তানের পিতা শরীফ আলী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
এদিকে পরিকল্পিত ও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের দীর্ঘ ১২ বছর পর আজ সোমবার মামলার রায়ে পিতা শরীফ আলীকে ফৌজদারী কার্যবিধির ৩৭৩ ধারানুযায়ী দীর্ঘ শুনানীর পর মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করে অতিরিক্ত দায়রা ও জজ দ্বিতীয় আদালত মৌলভীবাজার।
আসামিকে পরে কারাগারে প্রেরণ করা হয়।
এএইচ
আরও পড়ুন










