ঢাকা, মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬

মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ভ্রমণ বাস খাদে, আহত ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ৮ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়ের উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী। তারা সবাই কলেজ থেকে বার্ষিক ভ্রমণে কক্সবাজারে যাচ্ছিলেন।

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- যাওয়াত, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা। এদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণে সোমবার রাতে সেন্টমাটিন পরিবহনের ৪টি বাস নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ ছাত্র আহত হয়। 

তাদের মধ্যে ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। দুর্ঘটনায় কবলিত বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিল। তাদের মধ্যে আহত হয় ২০ জন। ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি