ঢাকা, বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের প্রস্তুতি চলাকালেই ডেঙ্গুতে প্রাণ গেল যুবকের 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

এ বছরই বিয়ের পিঁড়িতে বসার স্বপ্ন ছিল ২৬ বছর বয়সী তরুণ রাফসানের। পরিবারের হাল ধরতে সিএনএফ ও পরবর্তীতে একটি গার্মেন্টসে যোগ দিয়ে সংসারও চালাচ্ছিলেন ভালোভাবে। তবে নতুন জীবন শুরুর সেই স্বপ্ন আর পূরণ হলো না।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আট দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে মারা গেছেন তিনি।

রাফসানের চাচা সাংবাদিক সাইদুল হক জানান, বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন রাফসান। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। 

নিহতের পরিবার ও স্বজনরা জানান, এ বছরই রাফসানের বিয়ের কথা ছিল এবং এরই মধ্যে কয়েক জায়গায় পাত্রীও দেখা হয়েছিল। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবারে বিয়ের আনন্দের বদলে এখন নেমে এসেছে গভীর শোক। মঙ্গলবার বিকেলে লাশবাহী অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের কান্নায় পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। 

এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত রোগী ছিলেন ৩৩ জন। আগস্টে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬১ জনে। আর চলতি সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত হাসপাতালে ৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, জুনের পর থেকেই হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সরকারি ব্যবস্থাপনায় ডেঙ্গুর এনএস-১ পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে, তবে আইসিডি পরীক্ষার জন্য রোগীদের ১০০ টাকা ফি দিতে হয়। সীতাকুণ্ডে আক্রান্তদের মধ্যে যাদের শারীরিক অবস্থার বেশি অবনতি হয়, তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়ে থাকে। 

তিনি আরও জানান, চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের চূড়ান্ত পরিসংখ্যান সিভিল সার্জন কার্যালয়ে সংরক্ষণ করা হয়।চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি