ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬

বেনাপোলে পরীক্ষার্থীদের উত্ত্যক্ত, কিশোরগ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৪, ১৪ মে ২০২৬ | আপডেট: ১২:০৭, ১৪ মে ২০২৬

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত ও মারধরের ঘটনায় কিশোরগ্যাংয়ের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আহত এক পরীক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (১৩ মে) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলেন- ভবেরবেড় গ্রামের সাগর হোসেনের ছেলে তামিম (১৭), ইব্রাহিমের ছেলে শাওন (১৭), কাগমারী গ্রামের হারুনের ছেলে জুয়েল (১৫) এবং কাদেরের ছেলে ইফাদ হোসেন (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মে) বিকালে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা শেষে কয়েকজন শিক্ষার্থী পাশের বেনাপোল রেলস্টেশন ওভারব্রিজ এলাকায় ঘুরতে যায়। এ সময় স্থানীয় কয়েকজন কিশোরগ্যাং সদস্য তাদের উত্ত্যক্ত করে। একপর্যায়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পরীক্ষার্থী গুরুতর আহত হয়। 

পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি