১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়ে ১৩৫৬
প্রকাশিত : ১৬:৫২, ২ ফেব্রুয়ারি ২০২৬
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ ফেব্রুয়ারি মাসের জন্য এলপি গ্যাসের নতুন এই দর ঘোষণা করেন।
বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের জন্য সৌদি আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের গড় মূল্য প্রতি টন ৫৪১ দশমিক ৭৫ ডলার, যা আগের মাসে ছিল ৫২১ দশমিক ৭৫ ডলার। দাম বৃদ্ধির এটাই বড় কারণ। এ ছাড়া ফ্রেইট চার্জও খানিকটা বেড়েছে। গত মাসে ফ্রেইট চার্জ ছিল ১০৮ ডলার, যা এখন ১২০ ডলারে সমন্বয় করা হয়েছে। জানুয়ারিতে এক ডলার সমান ১২২ টাকা ৫১ পয়সা ধরা হলেও ফেব্রুয়ারি থেকে ১২৫ টাকা ৫৫ পয়সা ধরা হয়েছে।
নতুন ঘোষণা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে প্রতি কেজি এলপিজির খুচরা মূল্য ১১৩ টাকা ০৪ পয়সা করা হয়েছে, যা আগে ছিল ১০৮ টাকা ৮৩ পয়সা। ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা থেকে বেড়ে ১৩৫৬ টাকা হয়েছে।
রেটিকুলেটেড এলপিজির দাম প্রতি কেজি ১০৫ টাকা ০৮ পয়সা থেকে বেড়ে ১০৯ টাকা ২০ পয়সা হয়েছে। প্রতি লিটার অটো গ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ৬২ টাকা ১৪ পয়সা হয়েছে।
বিইআরসির চেয়ারম্যান জানান, জানুয়ারিতে ১ লাখ ৫ হাজার টন এলপিজি আমদানি হয়েছে। ফেব্রুয়ারিতে ১ লাখ ৮৪ হাজার টন আমদানি হবে বলে কোম্পানিগুলো জানিয়েছে।
বাজারে দাম বেশি প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, ‘সরবরাহ না বাড়লে দাম বাড়ে। কিন্তু বিইআরসি দামের প্রকৃত চিত্রটা তুলে ধরার চেষ্টা করে। কয়েকজন বোতলজাতকারী বেশি দাম নিচ্ছে বলে আমরা অভিযোগ পেয়েছি। এই অভিযোগ আমরা খতিয়ে দেখব।’
এমআর//
আরও পড়ুন










