সিগারেট,ওষুধ ও মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
প্রকাশিত : ১৮:২৩, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৩৭, ২০ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ ১১টি খাতের ব্যবসা ও সেবা প্রতিষ্ঠানের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (২০ সেপ্টেম্বর) এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। আদেশটি জারির সঙ্গে সঙ্গে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এনবিআর জানিয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং সংশ্লিষ্ট বিধিমালায় দেওয়া ক্ষমতাবলে নির্ধারিত খাতগুলোর আওতাভুক্ত উৎপাদনকারী ও সেবা প্রদানকারীদের eVAT পোর্টালের মাধ্যমে অনলাইনে ভ্যাটের দাখিলপত্র জমা দিতে হবে।
আদেশ অনুযায়ী, তালিকাভুক্ত পণ্য উৎপাদনকারী এবং নির্ধারিত সেবা খাতের সরবরাহকারীদের ক্ষেত্রে অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
এ ছাড়া কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান তালিকাভুক্ত পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের সঙ্গেও যুক্ত থাকলে, ওই প্রতিষ্ঠানের ক্ষেত্রেও নতুন নির্দেশনা প্রযোজ্য হবে।
এনবিআরের নতুন আদেশে বলা হয়েছে, অনলাইনে ভ্যাটের দাখিলপত্র জমা বাধ্যতামূলক করার বিষয়ে এর আগে বোর্ডের কোনো নির্দেশনা থাকলে নতুন আদেশ কার্যকর হওয়ার পর সেগুলো বাতিল হিসেবে বিবেচিত হবে।
একই সঙ্গে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী নির্ধারিত খাতের তালিকায় নতুন কোনো খাত যুক্ত করা কিংবা বিদ্যমান কোনো খাত বাদ দেওয়ার ক্ষমতাও এনবিআর সংরক্ষণ করেছে।
নতুন ব্যবস্থার আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এনবিআরের ই-ভ্যাট পোর্টাল ব্যবহার করে নির্ধারিত নিয়মে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে।
সূত্র: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
আরও পড়ুন










