দাম কমলো স্বর্ণের, ভরি ২ লাখ ২৯ হাজার
প্রকাশিত : ১০:৪১, ৫ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৬৯১ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করেছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এ নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৭ হাজার ৯০৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকের কাছ থেকে এই বিক্রয়মূল্যের বাইরে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এর মাত্র পাঁচ দিনের ব্যবধানেই এবার দাম কমানোর সিদ্ধান্ত নিলো সংগঠনটি।
এএইচ
আরও পড়ুন










