ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১০, ৩১ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:১৪, ৩১ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীর ক্লাসের নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তবে বিষয়টি চূড়ান্ত হবে আগামীকাল বুধবার।

সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন অনলাইন, তিন দিন অফলাইনে ক্লাস হবে। যদি কোনো সমস্যা সামনে আসে সংশোধন করা হবে। তবে অফলাইনের ক্লাসও শিক্ষকরা স্কুলে এসে নেবেন।

জোড়-বিজোড় তারিখ বা শিক্ষার্থীদের রোল নম্বর অনুযায়ী ক্লাস ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। অনলাইন ক্লাসের দিনগুলোতেও শিক্ষকদের সশরীরে শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান পরিচালনা করতে হবে। আর বিজ্ঞানসহ ব্যবহারিক বিষয়গুলোর ক্লাস ল্যাবে সরাসরি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হবে।

ঢাকা শহরের বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, বোর্ডের কর্মকর্তা, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে মতবিনিময়সভায় এ সিদ্ধান্ত হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার জরুরি সভা ডাকা হয়েছে।

এদিকে এই সিদ্ধান্ত শুধু ঢাকাসহ শহর এলাকার জন্য কি না, এ বিষয়ে আলোচনা করে পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে মন্ত্রণালয়।

এর আগে মেট্রোপলিটন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সংবাদিকদের এ  কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে ক্লাস নেয়া হবে এবং শিক্ষা ব্যবস্থা কিভাবে চালানো হবে তা নিয়ে চিন্তা ভাবনা করছে।

তিনি বলেন, সারাদেশ তো আছে বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে যেহেতু বাসে করে আসা-যাওয়ার বিষয়টি আছে। সেহেতু মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। তবে তা এখনো চূড়ান্ত নয়।

মন্ত্রী বলেন, ‘বর্তমানে বিশ্বে যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে এক গুচ্ছ প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাবো। সেখান থেকে অনুমোদন আসার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি