ঢাকা, শনিবার   ০৮ আগস্ট ২০২৬

দ্য গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৯, ৭ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের (প্রতিষ্ঠিত ১৮৮২) ঐতিহ্যবাহী প্রাক্তন শিক্ষার্থী সংগঠন দ্য গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশনের (টিজিএ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ (শুক্রবার, ৭ আগস্ট) ঢাকা ক্লাব লিমিটেডের 'স্যামসন এইচ চৌধুরী সেন্টারে' প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, চার দশকের এ পথচলা মূলত পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সেবা, জনকল্যাণ এবং আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের লালিত মূল্যবোধের প্রতি অবিচল প্রতিশ্রুতির এক অনন্য দৃষ্টান্ত। এ মহতি অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের দীর্ঘ যাত্রা স্মরণের পাশাপাশি এর ঐতিহ্যকে আগামী দিনে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে বিভিন্ন প্রজন্ম ও পেশার বিশিষ্ট ‘গ্রেগোরিয়ান’রা একত্রিত হয়েছেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব গ্রেগোরিয়ান সৈয়দ মারগুব মুর্শিদ, সাবেক পররাষ্ট্র সচিব গ্রেগোরিয়ান হেমায়েত উদ্দিন, বর্তমান অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান গ্রেগোরিয়ান সৈয়দ আবু নাসের বুখতেয়ার, সিনিয়র অ্যাডভোকেট মহসেন রশিদ, গ্রেগোরিয়ান হুমায়ুন কাদের চৌধুরী (প্রতিষ্ঠাতা সদস্য দ্য গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশন)। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাদার লিও পেরেরা সি.এস.সি ( প্রিন্সিপাল সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ) । এছাড়াও গ্রেগোরিয়ান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রথিতযশা শিক্ষাবিদ ও সম্মানিত গুণীজনেরা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানটিতে যৌথভাবে সভাপতিত্ব করেছেন দ্য গ্রেগোরিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি গ্রেগোরিয়ান মুনাদির ইসলাম এবং ঢাকা ক্লাব লিমিটেডের সভাপতি গ্রেগোরিয়ান শামীম হোসেন।

অনুষ্ঠানে বক্তারা জানান, ‘গ্রেগোরিয়ান’ হওয়া মানে কেবল একটি প্রাতিষ্ঠানিক সনদ লাভ করা নয়; এটি এমন এক ঐতিহাসিক ভ্রাতৃত্বের অংশ হওয়া যা যুগ যুগ ধরে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও সামগ্রিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ ৪০ বছরের মাইলফলক উদযাপনের মাধ্যমে অ্যাসোসিয়েশনের গৌরবময় অতীতকে সম্মান জানানোর পাশাপাশি একটি নতুন ও গতিশীল অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

আনুষ্ঠানিক আলোচনা ও স্মৃতিচারণ পর্ব শেষে সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি